কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

নির্ধারিত ফির চেয়ে কয়েকগুণ বেশি অর্থ নেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার সদর উপজেলার ৯ নম্বর ঝাউদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব রুবি আফরোজের বিরুদ্ধে ট্রেড লাইসেন্সের নির্ধারিত ফির চেয়ে কয়েকগুণ বেশি অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে। ঝাউদিয়া গ্রামের একটি করাতকলের (স-মিল) ট্রেড লাইসেন্সের জন্য নির্ধারিত ফি ৭৩০ টাকা হলেও স-মিল মালিক মো. শাহজাহান আলীর কাছ থেকে ৪ হাজার টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

ভুক্তভোগী মো. শাহজাহান আলী জানান, গত ২ আগস্ট ট্রেড লাইসেন্সের কাজের জন্য তিনি ঝাউদিয়া ইউনিয়ন পরিষদে যান। এ সময় ইউপি সচিব রুবি আফরোজের কক্ষে গিয়ে তাঁর হাতে ৪ হাজার টাকা দেন বলে দাবি করেন তিনি। শাহজাহান আলীর দাবি, ট্রেড লাইসেন্সের নির্ধারিত ফি ৭৩০ টাকা হলেও তাঁর কাছ থেকে ৪ হাজার টাকা নেওয়া হয়েছে। টাকা দেওয়ার সময় আনুমানিক সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে বলে জানান তিনি। অভিযোগের সত্যতা যাচাইয়ে ওই সময়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনার দাবি জানিয়েছেন শাহজাহান আলী।

তিনি বলেন, “আমার কাছ থেকে ৭৩০ টাকার পরিবর্তে ৪ হাজার টাকা নেওয়া হয়েছে। আমি সচিবের অফিসে গিয়ে তাঁর কক্ষেই টাকা দিয়েছি। ওই সময়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলেই প্রকৃত ঘটনা পরিষ্কার হবে।” তবে শাহজাহান আলীর অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ঝাউদিয়া ইউনিয়ন পরিষদের সচিব রুবি আফরোজ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি অতিরিক্ত অর্থ নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। অভিযোগের পক্ষে কোনো তথ্য-প্রমাণ নেই বলেও দাবি করেন তিনি।

সুষ্ঠু তদন্তের দাবি স্থানীয়দের এদিকে অভিযোগটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। তাঁদের দাবি, অভিযোগের সত্যতা যাচাইয়ে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। বিশেষ করে অভিযোগে উল্লেখ করা সময়ের ইউপি সচিবের কক্ষের সিসিটিভি ফুটেজ, ট্রেড লাইসেন্সের আবেদন, নির্ধারিত ফি ও অর্থ গ্রহণের রসিদসহ সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করা হলে প্রকৃত ঘটনা স্পষ্ট হতে পারে।

স্থানীয়রা বলেন, অভিযোগ সত্য হলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। আর অভিযোগের সত্যতা না থাকলে তদন্তের মাধ্যমে সেটিও পরিষ্কার করা প্রয়োজন। এ বিষয়ে সদর উপজেলার ইউএনও মোঃ হারুন অর রশিদ মহোদয়ের সাথে কথা হলে তিনি জানান, এ বিষয়ে তার কাছে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত করে দেখা হবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর