খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৯ই আগস্ট ২০২৬, ১:৫১ এএম

আজাদ সানি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের হালসা বাজারে নতুন নির্মিত হালসা বাজার জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার (৮ আগস্ট) বাদ জোহর হালসা বাজারে অবস্থিত কাদরীয়া মার্কেটে গড়ে তোলা নতুন এ মসজিদের শুভ উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, মসজিদ হচ্ছে মুসলমানদের ইবাদত-বন্দেগি, ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ চর্চার অন্যতম প্রধান স্থান। নতুন এই মসজিদটি এলাকার মুসল্লিদের নামাজ আদায়সহ ধর্মীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মসজিদকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়াও ব্যারিস্টার রাগীব চৌধুরী হালসা বাজার জামে মসজিদের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের জন্য প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
মসজিদের উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রমে এলাকার বিত্তবান ও সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে আমবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম নায়েব, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন মুনু, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান ওহিদ, বিএনপি নেতা আব্দুল মজিদ, সোহেল রানা লিটন মেম্বার, মাসুদ মেম্বার, আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রানা বিশ্বাস, সাধারণ সম্পাদক ইয়ার হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নতুন মসজিদটির উদ্বোধনকে ঘিরে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মসজিদটি চালু হওয়ায় হালসা বাজার ও আশপাশের এলাকার মুসল্লিদের নামাজ আদায়ে সুবিধা সৃষ্টি হয়েছে।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য