খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৮ই আগস্ট ২০২৬, ১:৪১ এএম

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে ১,৬২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ রাজু আহমেদ (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক রাজু আহমেদ কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ঝাউতলা গ্রামের আলমগীর হোসেনের ছেলে। গতকাল শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এসআই মহসিন চৌধুরী ও সঙ্গীয় পুলিশ সদস্যরা উপজেলার হোসেনাবাদ গ্রামের হিসনাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ সময় রাজু আহমেদকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১,৬২০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে দৌলতপুর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।” ওসি আরো জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর তাকে আদালতে সোপর্দ করা হবে।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য