কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি রেজা আহমেদ বাচ্চু

বিশেষ প্রতিনিধি ॥ তরুণ সমাজকে মাদকের ছোবল ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার ভূমিকা অপরিসীম বলে জানিয়েছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। তিনি বলেন, সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে মাঠের খেলাধুলার কোনো বিকল্প নেই। কুষ্টিয়ার ফুটবলের ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা প্রয়োজন। গতকাল শুক্রবার (২৪ জুলাই) বিকেলে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে জেলা পরিষদের আয়োজনে “মাঠে হবে গোলের লড়াই, মাদকের বিরুদ্ধে আমরা সবাই” প্রতিপাদ্যে শুরু হওয়া কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদকবিরোধী সামাজিক আন্দোলনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করতে হলে নিয়মিত প্রতিযোগিতার আয়োজন, খেলোয়াড়দের প্রশিক্ষণ এবং পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। তরুণদের মাঠমুখী করতে পারলে তারা মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকবে। টুর্নামেন্টের উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, জেলা পরিষদ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতির বিকাশে ধারাবাহিকভাবে কাজ করছে।

কুষ্টিয়ার ফুটবলের অতীত গৌরব ফিরিয়ে আনতে এবং জাতীয় পর্যায়ের মানসম্পন্ন খেলোয়াড় তৈরি করতে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি অংশগ্রহণকারী সব দলকে ক্রীড়াসুলভ মনোভাব বজায় রেখে প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই সিদ্দিকী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সফল টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। খেলোয়াড় ও দর্শকদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা হয়েছে। পরে অতিথিরা বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় স্টেডিয়ামজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় দৌলতপুর উপজেলা ও মিরপুর উপজেলা ফুটবল দল। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২-১ গোলের ব্যবধানে জয় তুলে নেয় দৌলতপুর উপজেলা দল।

খেলা দেখতে জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজারো দর্শক শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে উপস্থিত হন। গ্যালারিজুড়ে দর্শকদের উচ্ছ্বাস, করতালি ও সমর্থনে উদ্বোধনী ম্যাচটি পরিণত হয় এক প্রাণবন্ত ক্রীড়া উৎসবে। অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন উপজেলার জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, সাবেক ও বর্তমান ফুটবলার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, জেলার বিভিন্ন উপজেলার অংশগ্রহণে অনুষ্ঠিত এই গোল্ডকাপ টুর্নামেন্টের মূল লক্ষ্য তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং কুষ্টিয়ার ফুটবলের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করা।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর