খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৯ই জুলাই ২০২৬, ৩:১ এএম

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের কারিগর পাড়ায় বিষধর সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত ১৬ জুলাই সাপের কামড়ে সামিরুল ইসলামের ছেলে সম্রাটের মর্মান্তিক মৃত্যুর পর, এবার সাপ উদ্ধার করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন ইমরান সাপুড়িয়া। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্রাটের মৃত্যুর পরদিন অর্থাৎ ১৭ জুলাই রাত ১০টার দিকে সামিরুল ইসলামের বসত বাড়িতে আবারও একটি বিষধর সাপ দেখা যায়। আতঙ্কিত পরিবার তাৎক্ষণিকভাবে সাপুড়ে ইমরানকে খবর দিলে তিনি সাপটি উদ্ধারে আসেন।
তবে উদ্ধার অভিযান চলাকালীন সাপটি ইমরান সাপুড়েকে কামড় দেয়। সাপের কামড়ে ইমরান দ্রুত অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন এবং আগের চেয়ে কিছুটা আশঙ্কামুক্ত। ইমরান সাপুড়ের দ্রুত সুস্থতা কামনায় তার পরিবার ও এলাকাবাসী সকলের কাছে দোয়া চেয়েছেন।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য