খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় প্রাইভেট কারের ধাক্কায় দীলিপ বিশ্বাস (৫৫) নামে এক হোমিও চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় ব্যাটারিচালিত ভ্যানের ২ যাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল রোববার (১২ জুলাই) সন্ধ্যায় শহরের পুরাতন পৌর ভূমি অফিসের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, আমবাড়িয়া গ্রামের সিরাজ কাজীর ছেলে মো. ইকবাল কাজী (৩৫) এবং রমজান আলীর ছেলে মো. সাইদুল ইসলাম (৩৩) খোকসা বাজার থেকে একটি ব্যাটারি ভ্যানযোগে কমলাপুর যাচ্ছিলেন।
ভ্যানটি পৌর ভূমি অফিসের সামনে পৌঁছালে পিছন থেকে আসা একটি দ্রুতগামী প্রাইভেট কার সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পৌর ভূমি অফিসের গেটে দাঁড়িয়ে থাকা অন্য একটি ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যানের যাত্রী বিশ্বাস ইকবাল কাজী ও সাইদুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে দিলীপ বিশ্বাসের অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া ২৫০ রোজার জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এর কিছুক্ষণ পর তিনি মারা যান। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, এ ব্যাপারে থানাতে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানো ব্যবস্থা নেয়া হবে।









