বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া ২, ৩ ও ৪ সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন এর সাথে জেলা বিএনপি সাক্ষাৎ করেছেন। জেলার সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের সঙ্গে জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার সৌজন্য সাক্ষাৎ করেন। কুষ্টিয়া সার্কিট হাউজে অবস্থান করেন নারী এমপি ফরিদা ইয়াসমিন। সেখানে জেলা বিএনপির নেতৃবৃন্দ সাক্ষাৎ করেছেন। এতে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীমউল হাসান অপু, জেলা বিএনপির সদস্য আবু তালেব, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক যুব নেতা জব্বার মিলন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহনেওয়াজ সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় জনগণের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিএনপি নেতারা জেলার উন্নয়নে দলমত নির্বিশেষে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ কুষ্টিয়ার বিভিন্ন উন্নয়ন চাহিদা তুলে ধরে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। সংসদ সদস্য তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং যৌক্তিক দাবিগুলো সংশ্লিষ্ট মহলে উপস্থাপনের আশ্বাস দেন। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন বলেন, কুষ্টিয়ার উন্নয়ন ও জনগণের কল্যাণে তিনি সর্বদা কাজ করবেন। জেলার উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে নিজেদের মধ্যে রাজনৈতিক ভেদাভেদ রাখা যাবে না। জেলার উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কুষ্টিয়ায় উন্নয়নের মধ্যে দিয়ে আমরা একটি সুন্দর সমাজ গড়ে তুলতে চাই।









