খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৩ই জুন ২০২৬, ২:৪২ এএম

বিশেষ প্রতিনিধি ॥ সবার যদি ভাগ্য পরিবর্তন না হয়, তাহলে সুন্দর একটা দেশ কখনো সম্ভব হবে না। তোমরাই আগামী দিনের সম্পদ। আজ কেউ চাকরি না পেলেও হতাশ হওয়ার কারণ নেই। যারা চাকরি পাবে না, তাদের জন্য আমরা কী করতে পারি, সেটাই দেখার বিষয়। আমরা চাই তোমাদের ভালো কিছু হোক। কুষ্টিয়ায় আয়োজিত দিনব্যাপী চাকরি মেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন-হাসান। অনানুষ্ঠানিক খাতের কর্মসংস্থান পুনরুদ্ধার ও উন্নয়নের লক্ষ্যে ‘রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ)’ প্রকল্পের আওতায় গতকাল সোমবার (২২ জুন) সকাল ১০টায় কুষ্টিয়ার দিশা টাওয়ারের দিশা অডিটোরিয়ামে দিনব্যাপী ‘চাকরি মেলা’ অনুষ্ঠিত হয়।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) কারিগরি ও আর্থিক সহযোগিতায় মেলার আয়োজন ও বাস্তবায়ন করে দিশা স্বেচ্ছাসেবী আর্থ-সামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণ সংস্থা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন-হাসান। সভাপতিত্ব করেন দিশার নির্বাহী পরিচালক মোঃ রবিউল ইসলাম। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, তরুণ ও যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনীতির চাকা সচল রাখতে এ ধরনের চাকরি মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, “বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশিরা নিজেদের মেধা ও দক্ষতার স্বাক্ষর রেখে চলেছে। অক্সফোর্ড ইউনিভার্সিটিতেও আমাদের দেশের অধ্যাপক রয়েছেন। ইংল্যান্ডে প্রায় ২৫ হাজার বাংলাদেশি বিভিন্ন পর্যায়ে দক্ষতার সঙ্গে কাজ করছেন। বাংলাদেশিরা যেখানেই গেছেন, সেখানেই সাফল্যের ছাপ রেখেছেন।”
তিনি আরও বলেন, আজ যারা চাকরি পাবে না, তারা যেন হতাশ না হয়। একটি চাকরি না পাওয়া মানেই জীবন থেমে যাওয়া নয়। নিজেদের দক্ষতা বৃদ্ধি করে সামনের সুযোগগুলোর জন্য প্রস্তুত থাকতে হবে। সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তরুণদের পাশে থেকে তাদের জন্য নতুন সুযোগ তৈরির বিষয়ে কাজ করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল লতিফ সেখ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নূরে সফুরা ফেরদৌস, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল জব্বার, পিকেএসএফ-এর রেইজ প্রকল্পের সোশ্যাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মোঃ দেওয়ান জিন্নাহ এবং দিশা কুষ্টিয়ার প্রোগ্রাম পরিচালক মোঃ আনিছুর রহমান। চাকরি মেলায় স্থানীয় শীর্ষস্থানীয় বিভিন্ন শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এর মধ্যে কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ, মধুর্স ফ্যাশন, জিএসএম ইঞ্জিনিয়ারিং, বিডি জবস, বিজলী মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কেএনবি এগ্রো ইন্ডাস্ট্রিজ এবং ভেনাস আইটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত থেকে চাকরিপ্রার্থীদের বিভিন্ন বিষয়ে পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন। মেলায় মোট ২৮টি চাকরিদাতা প্রতিষ্ঠান অংশ নেয় এবং নিজস্ব স্টল স্থাপন করে। শতাধিক চাকরিপ্রার্থী বিভিন্ন স্টল পরিদর্শন করে নিজেদের পছন্দের প্রতিষ্ঠানে জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেন। চাকরিপ্রার্থীদের মধ্যে মেলাটি ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। আয়োজকরা জানান, রেইজ প্রকল্পের মাধ্যমে অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত ও কর্মসংস্থানের সন্ধানরত তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই জীবিকা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য