কুষ্টিয়ায় শহর জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় শহর জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ২৪, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া শহর শাখার কর্মী সমাবেশ ও নির্বাচনী প্রস্তুতি সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার (২৩ মে) সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া শহরের হাজী শরীয়তুল্লাহ এতিমখানার আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে এই কর্মী সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর যশোর-কুষ্টিয়া অঞ্চলের অঞ্চল পরিচালক মোবারক হোসাইন। শহর জামায়াতের সেক্রেটারী শামীম হুসাইনের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ খন্দকার এ.কে.এম আলী মুহসীন, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য  আমির হামজা, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল গফুর, জেলা জামায়াতের সেক্রেটারী সুজা উদ্দিন জোয়ার্দার এবং জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন। এছাড়া কুষ্টিয়া শহর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এসময় প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসাইন বলেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে জনগণের কল্যাণে যে বাজেট বরাদ্দ দেওয়া হয়, তার শতভাগ সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হলে সৎ ও খোদাভীরু নেতৃত্বের কোনো বিকল্প নেই। অতীতে আমরা দেখেছি কীভাবে দুর্নীতির কারণে জনগণের হক নষ্ট হয়েছে। সরকার থেকে আসা বাজেটের শতভাগ কাজ বাস্তবায়ন করতে হলে জামায়াতে ইসলামী বাংলাদেশ সমর্থিত ও মনোনীত মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর এবং পৌর মেয়র প্রার্থীদের বিজয়ী করতে হবে। আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের মনোনীত প্রার্থীদের পক্ষে একযোগে কাজ করে তাদের নির্বাচিত করি।

জামায়াতে ইসলামী কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি সমাজ পরিবর্তনের আন্দোলন। সমাজে শান্তি, শৃঙ্খলা ও ইনসাফ কায়েম করতে হলে প্রতিটি কর্মীকে ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দিতে হবে।”তিনি আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে সাংগঠনিক কার্যক্রম বেগবান করার এবং নির্বাচনী প্রস্তুতি গ্রহণের জোরালো আহ্বান জানান। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কুষ্টিয়া পৌরসভায় মেয়র পদে কেন্দ্রীয় জামায়াতের পক্ষে মোবারক হোসাইন, অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দারের নাম ঘোষণা করেন।