বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলায় অসাবধানতাবশত ধান মাড়াই করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনারুল ইসলাম নামের এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আলামপুর ইউনিয়নের স্বর্গপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত আনারুল ইসলাম স্বর্গপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় ভাদালিয়া পশ্চিম বাজারে লন্ড্রি ও ব্যাটারি চার্জের দোকান পরিচালনা করে আসছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ বাড়িতে ধান মাড়াইয়ের কাজ করছিলেন আনারুল। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ব্যবসায়ী আনারুল ইসলামের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে ভাদালিয়া বাজার ও তার নিজ গ্রাম স্বর্গপুরে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
