বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, “খ” সার্কেল কুষ্টিয়ার অভিযানে গতকাল বৃহস্পতিবার (২১ মে) দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ১টার মধ্যে কুমারখালি ও কুষ্টিয়া সদর থানাধীন উত্তর পার সাওতা এবং হাউজিং খাঁপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজাসহ ৪ জনকে আটক করা হয়।
আটকরা হলেন— গোলাম মির্জা (২০), রাশিদুল (৪০), ঠান্টু (৪০) ও শাহারিয়ার সৈয়দ ইমন (২৫)। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. জাকিউল আলমের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের ১ বছর, ৪ মাস ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার, ৫ হাজার, ৩ হাজার ও ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়। অভিযানে প্রসিকিউশন পরিচালনা করেন পরিদর্শক খবির আহমেদ, উপপরিদর্শক মো. ইকবাল হোসেন ও মো. আসিফুজ্জামান।
অন্যদিকে, একই দিনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার আরেকটি অভিযানে কুষ্টিয়া সদর থানার চৌড়হাস ও ত্রিমোহনী বারখাদা এলাকায় ৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়। আটকরা হলেন তাজউদ্দীন আহমেদ (৩২) ও এনামুল হক (৫৭)। পরে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিফাত পরিচালিত মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের সাজা প্রদান করা হয়। এ মামলায় বাদী ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আবুল কালাম আজাদ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, কুষ্টিয়ায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
