কুষ্টিয়া জেলা তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া জেলা তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ২১, ২০২৬

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল বুধবার (২০ মে) বিকাল ৪ টায় মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের নওদা শামুখিয়া গ্রামে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিভিন্ন প্রচার কার্যক্রমের অংশ হিসেবে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়। মোঃ আমিনুল ইসলাম, সিনিয়র তথ্য অফিসার, কুষ্টিয়া এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মোঃ তারিক হাসান, সিনিয়র সিভিল জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার, জেলা জজ আদালত, কুষ্টিয়া। প্রধান অতিথি তাঁর বক্তব্যে মানুষের নৈতিকতার উন্নয়নে ধর্মীয় আচরণ মেনে চলা সংক্রান্ত বিভিন্ন বিষয়, মাদকরোধে বিচারিক সুবিধা, সমাজের সকল শ্রেণির জনগণের সমান মর্যাদা ও অধিকার রক্ষায় লিগ্যাল এইডের ভূমিকা ও বিচার ব্যবস্থায় সরকারের সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভাপতির বক্তব্যে মোঃ আমিনুল ইসলাম, সিনিয়র তথ্য অফিসার, কুষ্টিয়া ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের সুবিধাসমূহ, কৃষি ঋণ মওকুফ, খাল খননের সুবিধা,কুষ্টিয়াতে ফ্যামিলি কার্ডের বিষয়ে প্রতারক শ্রেণি থেকে সতর্ক, মাদকের কূফল ও মাদকরোধে নারী-পুরুষসহ স্থানীয়দের করণীয়, শিশু ও নারী শিক্ষায় করণীয়, মানুষের সঠিক জীবন-যাপনে ধর্মীয় অনুশাসনের গুরত্ব তুলে ধরে দেশের উন্নয়নে সকলের সহযোগিতার আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্যে নওদা শামুখিয়া দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা খায়রুল ইসলাম মাদকরোধে ইসলামের বিধি-নিষেধ, আচার-ব্যবহারে ধর্মীয় ও সামাজিক অনুশাসনের উপর গুরুত্বারোপ করেন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে মোঃ মাসুদ রানা, সদস্য, ৪নং ওয়ার্ড, তালবাড়ীয়া ইউনিয়ন পরিষদ তার বক্তব্যে মাদক রোধ, শিক্ষা, দরিদ্র ও কৃষক শ্রেণির উন্নয়নে সরকারের ভূমিকার উপর আলোকপাত করেন। এছাড়া বক্তব্য প্রদান করেন মোছাঃ রেহেনা পারভীন, সংরক্ষিত নারী সদস্য, ৭,৮,ও ৯নং ওয়ার্ড, তালবাড়ীয়া ইউনিয়ন পরিষদ, মিরপুর কুষ্টিয়া প্রমুখ। ফ্যামিলি সমাবেশে সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নারী-পুরুষসহ ১৫০জন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন কুষ্টিয়া জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারি মোঃ ফারুক হোসেন।