বিশেষ প্রতিনিধি ॥ গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কুষ্টিয়ার ধুবইল ইউনিয়ন পরিষদে ভিডিও শো অনুষ্ঠিত হয়েছে। গ্রাম আদালতের কার্যক্রম ও সেবা সম্পর্কে সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধি করতে, গতকাল মঙ্গলবার (১৯ মে) বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়।
অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে” প্রতিপাদ্যকে সামনে রেখে, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ- ৩য় পর্যায় প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভিডিও শো প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুবইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুর রহমান মামুন। অনুষ্ঠানে পরিচালনা করেন মিরপুর উপজেলার গ্রাম আদালত সমন্বয়কারী তৈমুর হায়াতী। এসময় হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর রেজা আহাম্মেদ জয় সহ সংশ্লিষ্ট দপ্তরের গ্রামপুলিশগন উপস্থিত ছিলেন।
সম্প্রতি অনুষ্ঠিত এ আয়োজনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নারী-পুরুষ, জনপ্রতিনিধি, শিক্ষক, যুবক ও স্থানীয় গণ্যমান্য দুশতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন। তাদের উপস্থিতিতে ইউপি চেয়ারম্যান মাহাবুর রহমান মামুন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। গ্রাম আদালত সম্পর্কে সকলকে অবগত করেন। ন্যায় বিচার পেতে স্বল্প খরচে ন্যায় বিচার পেতে সকলকে গ্রাম আদালত মূখী হওয়ার আহব্বান করেন।
তিনি আরো বলেন, ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালত কার্যকর ভূমিকা পালন করছে। আগামী দিনেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। এদিকে প্রদর্শিত ভিডিওতে গ্রাম আদালতের কার্যক্রম, মামলার সহজ নিষ্পত্তি, স্বল্প খরচে বিচারপ্রাপ্তি এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির বিভিন্ন দিক তুলে ধরা হয়। স্থানীয় এক শিক্ষক বলেন, গ্রাম আদালত হলো সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও সহজ বিচারপ্রাপ্তির একটি কার্যকর মাধ্যম। অনেকে এখনও এ সেবা সম্পর্কে অবগত নন। তাই জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে মানুষকে গ্রাম আদালতমুখী করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
