কুষ্টিয়ায় পিএসসির চলমান সংস্কার কার্যক্রম শীর্ষক সেমিনার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় পিএসসির চলমান সংস্কার কার্যক্রম শীর্ষক সেমিনার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ২০, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (বিপিএসসি) আরও গতিশীল, স্বচ্ছ ও আধুনিক হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে কুষ্টিয়ায় একটি উচ্চপর্যায়ের দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘গতিশীল ও আধুনিক কমিশন (বাংলাদেশ সরকারি কর্ম কমিশন) গঠনে চলমান সংস্কার কার্যক্রম’ শীর্ষক এই সেমিনারটি গতকাল মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টার সময় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের আয়োজনে এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব ড. মোঃ সানোয়ার জাহান ভূঁইয়া। তিনি তার বক্তব্যে বলেন, যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে সরকারি কর্ম কমিশনকে সম্পূর্ণ আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে ব্যাপক সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় গতিশীলতা আনা এবং শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করাই এই সংস্কারের মূল লক্ষ্য। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মোঃ হাসান ইমাম। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি এবং উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মোঃ মিজানুর রহমানসহ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের অন্যান্য কর্মকর্তা, জেলা প্রশাসন এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। বক্তারা বলেন, একটি দক্ষ ও আধুনিক সিভিল সার্ভিস গড়ে তুলতে হলে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা আবশ্যক। বিপিএসসি’র বর্তমান সংস্কার উদ্যোগগুলো সিভিল সার্ভিসকে আরও জনবান্ধব ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন তারা। উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা কমিশনের সংস্কার কার্যক্রমের ওপর নানা গঠনমূলক পরামর্শ তুলে ধরেন।