কুষ্টিয়ায় পৃথক মাদকবিরোধী অভিযানে ৮ মাদক কারবারি আটক - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় পৃথক মাদকবিরোধী অভিযানে ৮ মাদক কারবারি আটক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১৯, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট, ইয়াবা ও গাঁজাসহ মোট ৮ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। গতকাল সোমবার (১৮ মে) জেলার মিরপুর, দৌলতপুর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, “খ” সার্কেল কুষ্টিয়া সূত্রে জানা যায়, সোমবার সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জেলার মিরপুর ও দৌলতপুর উপজেলার নওদা খাড়ারা ও কল্যানপুর এলাকায় আসামিদের নিজ বসতবাড়িতে অভিযান চালানো হয়।

সময় ৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ১০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়। আটকরা হলেন, মিরপুর উপজেলার নওদা খাড়ারা এলাকার মো. জুলফিকার (৪৯), দৌলতপুর উপজেলার কল্যানপুর এলাকার মো. শাহাজুল ইসলাম (৫৫) এবং সাদীপুর এলাকার মো. কামাল (৩৫)। পরে উপপরিদর্শক আসিফুজ্জামান ও মো. ইকবাল হোসেনের প্রসিকিউশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (জেলা প্রশাসকের কার্যালয়) মো. আলাউদ্দিন আকন্দ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্তদের দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্যদিকে, জেলার সদর ও মিরপুর উপজেলায় পৃথক আরেকটি অভিযানে ১৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবাসহ ৪ জন মাদক কারবারিকে আটক করা হয়। অভিযানে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল টাকিমারা, দেশওয়ালি পাড়া ও কুঠিপাড়া এলাকা এবং মিরপুর উপজেলার আমলা এলাকায় অভিযান চালানো হয়।

আটকরা হলেন— কুষ্টিয়া সদরের বটতৈল টাকিমারা এলাকার মো. মেহেদী হাসান ইমন (২৬), মিরপুর উপজেলার আমলা খামারপাড়া এলাকার মো. মামুনুর রশিদ মামুন (৩২), দেশওয়ালি পাড়ার অনিক আহমেদ (২৬) এবং কুঠিপাড়া এলাকার মো. সামাদ আলী (৩০)।

এ ঘটনায় পরিদর্শক মো. আবুল কালাম আজাদ ও উপপরিদর্শক মো. রাসেল কবীর বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকিউল আলম পরিচালিত মোবাইল কোর্টে মামলা নম্বর ১০২৪/২৬ থেকে ১০২৭/২৬-এর মাধ্যমে তাদের সাজা প্রদান করা হয়। এছাড়া একই দিনে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর এলাকায় পৃথক অভিযানে ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ জীবন আলী (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কালিশংকরপুর এলাকার বাসিন্দা।

এ ঘটনায় পরিদর্শক মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণ করেন। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদ মোস্তফা হাসান পরিচালিত মোবাইল কোর্টে মামলা নম্বর ১০৩৭/২৬ এর মাধ্যমে তাকে সাজা প্রদান করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।