কুষ্টিয়ায় বৃদ্ধকে ইজিবাইক থেকে নামিয়ে পিটিয়ে জখম, টাকা ছিনতাইয়ের অভিযোগ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় বৃদ্ধকে ইজিবাইক থেকে নামিয়ে পিটিয়ে জখম, টাকা ছিনতাইয়ের অভিযোগ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১২, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় পূর্বশত্রুতার জেরে এক বৃদ্ধকে ইজিবাইক থেকে টেনে নামিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এসময় আহত বৃদ্ধের কাছে থাকা নগদ ১২ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে।

ঘটনাটি কুষ্টিয়া সদর উপজেলার জগতি এলাকায় ঘটেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় আহত বৃদ্ধের ছেলে মোঃ আলমগীর হোসেন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, আহত ব্যক্তি মোঃ সুরাপ আলী (৮০) মিরপুর উপজেলার কলাবাড়ীয়া এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে অভিযুক্তদের সঙ্গে তাদের পারিবারিক বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরেই রোববার (১১ মে) দুপুর আনুমানিক আড়াইটার দিকে কুষ্টিয়া থেকে ইজিবাইকে বাড়ি ফেরার পথে জগতি এলাকায় পৌঁছালে অভিযুক্তরা তার পথরোধ করে।

অভিযোগে বলা হয়, আগে থেকেই ওঁৎ পেতে থাকা আসামিরা দেশীয় অস্ত্রসহ বৃদ্ধকে ইজিবাইক থেকে টেনে নামিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। এসময় প্রধান অভিযুক্ত সাবু মন্ডল লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করতে গেলে সুরাপ আলী আত্মরক্ষার চেষ্টা করেন।

এতে তার বাম হাতের কনুইয়ে গুরুতর আঘাত লাগে এবং হাড় ভেঙে যায় বলে দাবি করা হয়েছে। এছাড়া বাকী বিল্লাহ নামের আরেক অভিযুক্ত হাতুড়ি দিয়ে আঘাত করলে তার কব্জিতে গুরুতর জখম হয়। অপর আসামি সাইদুল হক লোহার রড দিয়ে আঘাত করলে বৃদ্ধের বাম কাঁধে গুরুতর আঘাত লাগে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

বাদীর দাবি, হামলার একপর্যায়ে অভিযুক্তরা বৃদ্ধের পকেটে থাকা ১২ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেয়। ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয় কয়েকজন এগিয়ে এলে হামলাকারীরা মামলা করলে আরও বড় ক্ষতির হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে খবর পেয়ে আহত বৃদ্ধের ছেলে আলমগীর হোসেন ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে সাবু মন্ডল, বাকী বিল্লাহ, সাইদুল হক ও তোজাম্মেল হক (বদি)সহ অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনকে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় পুলিশি পদক্ষেপের বিস্তারিত জানা যায়নি।