বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার বটতলা আনুমোড় এলাকায় মাদকের বিস্তার নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, সাত্তারের ছেলে আফসার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকায় সামাজিক অবক্ষয়, চুরি, ছিনতাই ও কিশোর অপরাধ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এলাকাবাসীর দাবি, মাদকের সহজলভ্যতার কারণে অনেক তরুণ ও কিশোর নেশায় জড়িয়ে পড়ছে। বিশেষ করে সন্ধ্যার পর এলাকায় মাদকসেবীদের আনাগোনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।
সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক অভিভাবক। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বাসিন্দা জানান, এলাকায় নিয়মিত সন্দেহজনক লোকজনের যাতায়াত দেখা যায়। মাদক লেনদেনকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে ঝগড়া-বিবাদ, ছোটখাটো সংঘর্ষ ও চুরির ঘটনাও ঘটছে বলে অভিযোগ রয়েছে। তাদের ভাষ্য, পরিস্থিতি দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এলাকার সচেতন মহল বলছে, মাদক শুধু একটি অপরাধ নয়, এটি পুরো সমাজ ও যুবসমাজের ভবিষ্যতের জন্য বড় হুমকি।
মাদককে কেন্দ্র করে অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি এলাকায় নিয়মিত পুলিশি টহল ও মাদকবিরোধী অভিযান জোরদারের আহ্বানও জানান তারা। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আফসার বলেন, আগেও আমাকে বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু আমি মাদক ব্যবসার সঙ্গে জড়িত নই। মানুষ নানা কথা বললেও আমি কোনো মাদক বিক্রি করি না। তবে ব্যক্তিগতভাবে মাদক সেবন করি।
