পাটিকাবাড়ীতে শিক্ষার্থীর আত্মহত্যা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

পাটিকাবাড়ীতে শিক্ষার্থীর আত্মহত্যা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ২৮, ২০২৬

আজাদ সানি ॥ কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন পাটিকাবাড়ী গ্রামে প্রেমসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ফাহিম জোয়ার্দার (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (২৭ এপ্রিল) আনুমানিক বেলা ১০টার দিকে নিজ শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে বলে জানা যায়। নিহত ফাহিম স্থানীয় খেজুরতলা পাটিকাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং পাটিকাবাড়ী গ্রামের শেখপাড়ার বাসিন্দা রাসেল জোয়ার্দারের ছেলে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরিবারের দাবি, ফাহিমের সহপাঠী একই গ্রামের মোঃ বাদল এর কন্যার সঙ্গে ফাহিমের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে উভয় পরিবারের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। নিহতের পিতা জানান, অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বিষয়টি শান্তিপূর্ণভাবে মীমাংসার চেষ্টা করা হচ্ছিল এবং ভবিষ্যতে প্রাপ্তবয়স্ক হলে বিয়ের আশ্বাসও দেওয়া হয়েছিল। তিনি আরও অভিযোগ করেন, ঘটনার দিন সকাল ৮টার দিকে মেয়েটির মা তাদের বাড়িতে এসে ফাহিমকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন।

এরপরই মানসিকভাবে ভেঙে পড়ে ফাহিম এবং কিছু সময় পর নিজ কক্ষে গলায় ফাঁস দেয়। পরিবারের পক্ষ থেকে এ ঘটনাকে আত্মহত্যায় প্ররোচনা হিসেবে দাবি করে জড়িতদের বিরুদ্ধে বিচার দাবি করেন।

এদিকে, ইবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি জানান প্ররোচনায় এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।এবং সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ টি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবং একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।