দৌলতপুরে গুলির মামলায় যুবদল নেতা আসামি, প্রতিবাদে বিক্ষোভ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে গুলির মামলায় যুবদল নেতা আসামি, প্রতিবাদে বিক্ষোভ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ২৫, ২০২৬

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নে যুবদলের এক নেতার বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল ৫টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়ার গ্রামে এ কর্মসূচি পালন করেন এলাকাবাসী।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, সম্প্রতি দায়ের করা একটি মামলায় নিরপরাধ ব্যক্তিদের আসামি করা হয়েছে। তারা অবিলম্বে ওই মামলা প্রত্যাহারের দাবি জানান। এর আগে, গত ২০ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একই ইউনিয়নের মাজদিয়ার গ্রামে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলামের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটে।

মানববন্ধনে বিক্ষোভ মিছিল অংশগ্রহণকারীরা বলেন, একদল মুখোশধারী দুর্বৃত্ত তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করলে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় হামলাকারীরা ব্রাশফায়ার ও শর্টগান দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ ঘটনায় নারী-পুরুষসহ অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়ে আহত হন। ঘটনার পরদিন ২১ এপ্রিল রবিউল ইসলামের ভাই বাদী হয়ে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় মরিচা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হেলাল হোসেন, সদস্য মো. রাকিবুল (৩২), ইটভাটার শ্রমিক মো. স্বপন (৩৮) এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়। তবে মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন, সংঘটিত ওই হামলার ঘটনায় প্রকৃত অপরাধীদের আড়াল করে নিরপরাধ ব্যক্তিদের আসামি করা হয়েছে।

তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত মামলার সঠিক তদন্ত ও নিরপরাধদের অব্যাহতির দাবি জানান। উল্লেখ্য, ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।