কুষ্টিয়া পুলিশ হাসপাতালে ফাস্ট এইড বক্স বিতরণ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া পুলিশ হাসপাতালে ফাস্ট এইড বক্স বিতরণ 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ২২, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলার সকল থানা, পুলিশ ক্যাম্প, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রসমূহে প্রাথমিক চিকিৎসা সামগ্রী ( ফাস্ট এইড বক্স) বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১২ টার দিকে কুষ্টিয়া জেলা পুলিশ হাসপাতাল চিকিৎসা সামগ্রী বিতরণের জন্য এক আলোচনা সভার আয়োজন করেন।

আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জরুরি মুহূর্তে দ্রুত প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে কুষ্টিয়া পুলিশ হাসপাতালের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মোঃ হাসান ইমাম, কুষ্টিয়া পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শারমিন জাহান সুরভী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সুলতানা রাজিয়া। এছাড়া ডিআইও (১),ডিএসবি, পুলিশ লাইন্সের আরআই, পুলিশ হাসপাতালে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট বৃন্দ এবং পুলিশ হাসপাতালে কর্মরত সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় পুলিশ সুপার ফাস্ট এইড বক্সের গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, ফাস্ট এইড বক্স হলো যেকোনো ছোটখাটো দুর্ঘটনা, আঘাত বা জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার জন্য গুরুত্বপূর্ন বাক্স।

এটি বাড়িতে, গাড়িতে বা কর্মস্থলে থাকা অত্যন্ত জরুরি কারণ এটি সময়মতো প্রাথমিক সহায়তা দিয়ে জীবন বাঁচাতে, সংক্রমণ কমাতে এবং আঘাতের তীব্রতা কমাতে সাহায্য করবে। এদিকে জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলার প্রতিটি থানা ও সংশ্লিষ্ট ইউনিটে পর্যায়ক্রমে এই ফার্স্ট এইড বক্স পৌঁছে দেওয়া হয়েছে।

বক্সগুলোতে ব্যান্ডেজ, গজ, স্যালাইন, অ্যান্টিসেপটিক সলিউশন, তুলা, পেইন রিলিফ ওষুধসহ প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা সামগ্রী অন্তর্ভুক্ত রয়েছে। জেলা পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার জানান, দুর্ঘটনা বা আকস্মিক অসুস্থতার ক্ষেত্রে দ্রুত প্রাথমিক চিকিৎসা প্রদান করা গেলে অনেক সময় বড় ধরনের ঝুঁকি এড়ানো সম্ভব হয়। তাই পুলিশের প্রতিটি ইউনিটকে এই সুবিধা প্রদান করা হবে।