এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এসএসসি মডেল টেস্টের ফল প্রকাশ ও দোয়া অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এসএসসি মডেল টেস্টের ফল প্রকাশ ও দোয়া অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ১৭, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এসএসসি ব্যাচ-২০২৬ শিক্ষার্থীদের চূড়ান্ত মডেল টেস্টের ফলাফল প্রকাশ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা যাচাই এবং আসন্ন এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য কামনায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ফলাফল প্রকাশের মাধ্যমে শিক্ষার্থীদের সার্বিক প্রস্তুতির একটি চিত্র তুলে ধরা হয়, যা তাদের আগামী মূল পরীক্ষার জন্য আরও মনোযোগী হতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করেন। দোয়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের সুস্বাস্থ্য, মানসিক দৃঢ়তা এবং পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্যের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এ সময় শিক্ষকরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং শেষ সময়টুকু কাজে লাগিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মোজাম্মেল হক রাসেল জানান, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত মূল্যায়নের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি করা হচ্ছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক মনোভাব তৈরি করে এবং ভালো ফলাফলের পথে অনুপ্রাণিত করে। সবশেষে, এসএসসি-২০২৬ ব্যাচের সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বোচ্চ সাফল্য কামনা করা হয়।