বিশেষ প্রতিনিধি ॥ পহেলা বৈশাখ উপলক্ষে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। সামাজিক দায়বদ্ধতা ও মানবিক উদ্যোগের অংশ হিসেবে কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত এই সহায়তা প্রদান করেন। মঙ্গলবার (সন্ধ্যা) উপজেলার মালিহাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাজিতপুর এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে দুইজন প্রতিবন্ধীর হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়। উপকারভোগীরা হলেন বাজিতপুর এলাকার ইমাদুলের মেয়ে মীম আক্তার এবং চক হারদি এলাকার আব্দুল রহমানের ছেলে দাইদ।
তাদের চলাচলের সুবিধার্থে একটি করে হুইলচেয়ার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান তুষার, সদস্য সচিব ছাব্বির আহমেদ, ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রাজিবুল ইসলাম সাবানসহ স্থানীয় নেতাকর্মীরা। বক্তারা বলেন, সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো শুধু দয়া নয়, এটি একটি মানবিক দায়িত্ব। বিশেষ করে উৎসবের সময়ে এমন উদ্যোগ তাদের জীবনে নতুন আশার সঞ্চার করে। তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয়রা বলেন, সমাজের বিত্তবান ও রাজনৈতিক নেতাদের এ ধরনের মানবিক কাজে আরও এগিয়ে আসা উচিত। এতে করে পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
