বিশেষ প্রতিনিধি ॥ হস্তশিল্প, কুটির শিল্প ও আত্মকর্মসংস্থানকে উৎসাহিত করার লক্ষ্যে, একটি ডিজাইন হাউজ পরিদর্শন করেছে জেলা বিএনপির এক শীর্ষ নেতা। কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের রাতুলপাড়া গ্রামে “সুইসুতা” এর এ্যাকটিভিটি, শোরুম এবং ডিজাইন হাউজ পরিদর্শন করেন জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। গত শুক্রবার রাত ৮টার দিকে ডিজাইন হাউজ পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সেখানে কর্মরত নারী উদ্যোক্তা ও কারিগরদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় জেলা বিএনপির শীর্ষ নেতা প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে হস্তশিল্প ও কুটির শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে গ্রামীণ নারীদের কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের আর্থিক স্বাবলম্বিতা অর্জনে এ খাতের অবদান অপরিসীম। তিনি আরো বলেন, “সঠিক পৃষ্ঠপোষকতা ও নীতিগত সহায়তা পেলে দেশের হস্তশিল্প আন্তর্জাতিক বাজারেও ব্যাপক সম্ভাবনা তৈরি করতে পারে।
এছাড়া সুইসুতা ডিজাইন হাউজের স্বত্বাধিকারী আরজু মাহমুদ জানান, তারা দীর্ঘদিন ধরে দেশীয় ঐতিহ্যবাহী পণ্য নিয়ে কাজ করছেন এবং নারী উদ্যোক্তাদের মাধ্যমে মানসম্মত পণ্য উৎপাদন করে বাজারজাত করছেন। তিনি বলেন, এ ধরনের উচ্চপর্যায়ের নেতাদের আগ্রহ ও পরিদর্শন তাদের কাজের প্রতি নতুন উৎসাহ জোগাবে।
