নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রি ও অবৈধ মজুতে ৫ হাজার টাকা জরিমানা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রি ও অবৈধ মজুতে ৫ হাজার টাকা জরিমানা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ২৪, ২০২৬

হেলাল মজুমদার. ভেড়ামারা: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রি ও অবৈধভাবে জ্বালানি মজুদের দায়ে এক খুচরা বিক্রেতাকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার বারমাইল এস মোড়ে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার। অভিযানে ‘মোঃ তরিকুল ইসলাম (৪৫)’ নামের এক খুচরা জ্বালানি বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি পশ্চিম বাহিরচর বারমাইল এলাকার বাসিন্দা।
অভিযান চলাকালে তার গুদামে তল্লাশি করে প্রায় এক ব্যারেল পেট্রোল, ৩০ লিটারের একটি ড্রাম এবং ৩০ লিটারের একটি অকটেনের জার অবৈধভাবে মজুত অবস্থায় পাওয়া যায়।
এছাড়া দেখা যায়, সরকার নির্ধারিত প্রতি লিটার পেট্রোলের মূল্য ১২০ টাকা হলেও তিনি ২৫০ টাকা দরে তা বিক্রি করছিলেন।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার জানান, বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।