দৌলতপুর ফিলিপনগর চরসাদীপুরের সন্ত্রাসী রিন্টু গ্রেফতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুর ফিলিপনগর চরসাদীপুরের সন্ত্রাসী রিন্টু গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১৮, ২০২৬

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করা শীর্ষ সন্ত্রাসী, ডাকাত ও চাঁদাবাজ রিন্টু আলী ওরফে রিন্টুকে গ্রেফতার করেছে দৌলতপুর পুলিশ। গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশ-এর একটি চৌকস অভিযানিক দল তাকে আটক করে।

রিন্টু আলী উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদীপুর গ্রামের মইজুদ্দির ছেলে এবং এলাকার কুখ্যাত সন্ত্রাসী শরিফুল ইসলাম শরিফ (শরিফ কাইগি) বাহিনীর সক্রিয় সদস্য ও তার ভাগিনা বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে চরসাদীপুর গ্রামে সংঘটিত এক ভয়াবহ ডাকাতির ঘটনায় রিন্টু ও তার সহযোগীরা জড়িত ছিল। ডাকাতিকালে তারা ধর্ষণের চেষ্টা, হত্যার উদ্দেশ্যে হামলা, আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ এবং বোমা নিক্ষেপ করে এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করে।

এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়। এ ঘটনায় ভুক্তভোগীরা দৌলতপুর থানাতে হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। এরপর থেকেই রিন্টু ও তার সহযোগীরা আত্মগোপনে চলে যায়। স্থানীয় অনুসন্ধানে আরও জানা গেছে, বিভিন্ন জাতীয় ও দৈনিক পত্রিকায় তাদের অপরাধ কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশিত হলে সংশ্লিষ্ট সাংবাদিকদের হত্যার পরিকল্পনাও করে রিন্টু বাহিনী। এ লক্ষ্যে তারা পদ্মা নদীর ওপারের বাঘা উপজেলার চানপুর চর এলাকার সন্ত্রাসী বিল্লাল মন্ডল বাহিনী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ স্থাপন করে বিভিন্ন হত্যা মিশন সফলের জন্য।

সম্প্রতি ঈদকে সামনে রেখে রিন্টু গোপনে এলাকায় প্রবেশ করলে পুলিশের গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করা হয় এবং অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান,“রিন্টু ফিলিপনগর ইউনিয়নের একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতার করা হয়েছে। ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। অন্যান্য অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।