দৌলতপুর ফিলিপনগরের চাঁদাবাজ-সন্ত্রাসী শুটার লালন গ্রেফতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুর ফিলিপনগরের চাঁদাবাজ-সন্ত্রাসী শুটার লালন গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১০, ২০২৬

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের কথিত সন্ত্রাসী ও চাঁদাবাজ শুটার লালনকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ। রবিবার (৭ মার্চ) দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পূর্ব ফিলিপনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লালন (২৫) পূর্ব ফিলিপনগর গ্রামের রঞ্জু মালিথার ছেলে। লালন ফিলিপনগর চরাঞ্চলের সন্ত্রাসী “গিট্টু সোহাগ ও টুকু বাহিনীর অন্যতম শ্যুটার। পুলিশ সূত্রে জানা গেছে, লালন ফিলিপনগর ইউনিয়নের আলোচিত ইউপি চেয়ারম্যান নঈমুদ্দিন সেন্টু হত্যা মামলার অন্যতম আসামি। এছাড়া তার বিরুদ্ধে হত্যা, অপহরণ, অস্ত্র, মাদক, চাঁদাবাজি, লুটপাটসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে।

স্থানীয়দের দাবি, লালন কুখ্যাত গিট্টু ও টুকু বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। ওই বাহিনীর সদস্যরা সিন্ডিকেটের মাধ্যমে চরাঞ্চলে চাঁদাবাজি, দখলদারিত্ব এবং অস্ত্র মহড়াসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে ঈদকে সামনে রেখে এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি এবং বাইরে থেকে আসা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে কৌশলে চাঁদাবাজির অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে।ভুক্তভোগীরা প্রাণভয়ে প্রশাসনের কাছে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না বলেও স্থানীয়রা জানান। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, “লালনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সেন্টু চেয়ারম্যান হত্যা মামলাসহ একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। বিষয়টি তদন্তাধীন এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।