প্রতিবাদ করায় কুষ্টিয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

প্রতিবাদ করায় কুষ্টিয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ৯, ২০২৬

পবিত্র রমজান মাসে নারীসহ আটক 

 

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া এলাকায় মুস্তাক আহমেদ পার্থ (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদে গতকাল রবিবার (৮ মার্চ) সকালে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। নিহত মুস্তাক আহমেদ পার্থ কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া কদমতলা এলাকার বাসিন্দা। তিনি হেলাল সরদারের ছেলে এবং স্থানীয় বেঙ্গল মেটাল ইন্ডাস্ট্রিতে রিং মিস্ত্রী হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার কুষ্টিয়া শহরতলীর জুগিয়া দাখিল মাদ্রাসার পেছনে সন্টু নামে এক ব্যক্তিকে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করে এলাকাবাসী।

পবিত্র রমজান মাসে এমন ঘটনায় এলাকাবাসীর সঙ্গে নিহত পার্থও প্রতিবাদ করেন। এ ঘটনার জেরে পরদিন বৃহস্পতিবার অভিযুক্ত সন্টু, তার দুই ছেলে স্বাধীন ও শাকিলসহ কয়েকজন কিশোর গ্যাংয়ের সদস্য মিলে পার্থের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এ সময় তারা তাকে বেধড়ক মারধর করলে গুরুতর আহত হন পার্থ। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অভিযুক্ত মো. সন্টু, কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া মাঠ পাড়ার গোপাল আলীর ছেলে।

এ ঘটনার প্রতিবাদে রবিবার সকাল ১১টা থেকে প্রায় দুই ঘণ্টা কুষ্টিয়া শহরতলীর জুগিয়া এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দারা। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর ঘটনাস্থলে এসে দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।