বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) অফিসে গ্রাহকদের কাছ থেকে মিটার ও ফাইলপ্রতি অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অফিসের তিন কর্মচারী আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া ওজোপাডিকো অফিস প্রাঙ্গণে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। আহতদের মধ্যে রয়েছেন কাজী আশাবুল হায়দার (৫৩), সজল আহম্মেদ ও নাসির উদ্দিন। কাজী আশাবুল হায়দার ওজোপাডিকো কুষ্টিয়া অফিসের লাইনম্যান-সি হিসেবে কর্মরত।
ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট ওজোপাডিকো অফিসে নতুন মিটার সংযোগ ও বিভিন্ন ফাইল প্রসেসিংয়ের ক্ষেত্রে গ্রাহকদের কাছ থেকে অবৈধভাবে অতিরিক্ত অর্থ আদায় করে আসছিল। প্রতি মিটার ও ফাইলের জন্য গ্রাহকদের কাছ থেকে ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত নেওয়া হতো বলে অভিযোগ করা হয়েছে। লাইনম্যান কাজী আশাবুল হায়দার অভিযোগ করেন, তিনি এবং তার কয়েকজন সহকর্মী এই অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছিলেন। তারা গ্রাহকদের কাছ থেকে অবৈধভাবে টাকা নেওয়ার বিষয়ে বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে। অভিযোগে বলা হয়, ঘটনার দিন সকালে অভিযুক্তরা কয়েকজন সহযোগী নিয়ে অফিস প্রাঙ্গণে প্রবেশ করে কর্মচারীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা লোহার রড, এঙ্গেল ও লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়।
এ হামলায় কাজী আশাবুল হায়দারের ডান চোখের নিচে গুরুতর আঘাত লাগে এবং তার একটি দাঁত ভেঙে যায়। সহকর্মী সজল আহম্মেদের হাত ভেঙে যায় এবং নাসির উদ্দিনও মারধরের শিকার হয়ে আহত হন। পরে অন্যান্য সহকর্মীরা আহতদের উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা কাজী আশাবুল হায়দারের ক্ষতস্থানে চারটি সেলাই দেন বলে জানা গেছে। এ ঘটনায় আহতদের পক্ষ থেকে কুষ্টিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে মো. ফিরোজ শেখ (৪১), পিতা-হিরণ শেখ, সাং চাপড়া, থানা কুমারখালী, জেলা– কুষ্টিয়া; মো. রফিকুল ইসলাম (৫২), পিতা-নিজাম উদ্দিন শেখ, সাং-সামসুদ্দিন আহমেদ রোড, আড়ুয়াপাড়া, কুষ্টিয়া সদর এবং সাইদ আহমেদ (৪৩), পিতা-আজিজ আহমেদ, সাং-কমরেড গফুর উদ্দিন লেন, মিলপাড়া, কুষ্টিয়া—এর নাম উল্লেখ করা হয়েছে।
এছাড়া অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনার পরও অভিযুক্তরা ভুক্তভোগীদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। আহত কর্মচারীরা জানান, তারা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
