কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সোনালী আঁশে অন্ধকার: দৌলতপুরে পানির সংকটে জটলা

দৌলতপুর প্রতিনিধি ॥ একসময় যাকে বলা হতো ‘সোনালী আঁশ’, সেই পাট এখন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রান্তিক চাষীদের কাছে মাথাব্যথার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। আবাদের ভরা মৌসুমে পর্যাপ্ত পানির অভাব এবং বাজারজাতকরণের সময় ন্যায্যমূল্যের অনিশ্চয়তা এই দুই সংকটে দিশেহারা হয়ে পড়েছেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পাট চাষীরা। উপজেলার আদাবাড়ী ইউনিয়নের তেঁতুলবাড়িয়া গ্রামের কৃষক রফিক হোসেন (৪৫) এবার দুই বিঘা জমিতে পাট আবাদ করেছিলেন।

কিন্তু পাট কাটা ও পচানোর মৌসুমে পানির তীব্র সংকটে পড়েছেন তিনি। আক্ষেপ করে রফিক বলেন, “পাট তো বুনেছিলাম ভালো ফলনের আশায়। কিন্তু এখন নদী-নালা, খাল-বিল শুকিয়ে একফোঁটা পানিও নেই। পাট কেটে জমিতে ফেলে রাখতে হচ্ছে, পচানোর জায়গা পাচ্ছি না। দূর-দূরান্তের জলাশয়ে পাট পরিবহনে অতিরিক্ত খরচ হচ্ছে। আবার পচানোর পানির অভাবে পাটের আঁশের রঙ নষ্ট হয়ে কাঙ্ক্ষিত মান থাকছে না।”

শুধু পচানোর সমস্যাই নয়, পচানো শেষে বাজারে পাট বিক্রিতে গিয়েও মিলছে না স্বস্তি। প্রতি মণ পাট উৎপাদনে বীজ, সার, সেচ, নিড়ানি এবং শ্রমিকের মুজুরি মিলিয়ে যে পরিমাণ খরচ হচ্ছে, হাটে গিয়ে সেই মূল্যের চেয়ে অনেক কম দাম হাঁকাচ্ছেন ব্যবসায়ীরা। রফিক হোসেন জানান, এক মণ পাট উৎপাদনে বর্তমানে খরচ হচ্ছে প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা, অথচ বাজারে পাটের দর যাচ্ছে দুই হাজার আড়াইশ থেকে দুই হাজার আটশত টাকা।

ফলে লাভের মুখ দেখা তো দূরের কথা, উৎপাদন খরচ তোলাই দুরুহ হয়ে পড়েছে। স্থানীয় কৃষকদের সূত্রে জানা যায়, দৌলতপুরের আদাবাড়ী ইউনিয়নসহ আশেপাশের এলাকাগুলোতে এবার বৃষ্টিপাত তুলনামূলক কম হওয়ায় প্রাকৃতিক জলাশয়গুলোতে পানি জমা হয়নি। রিবন রেটিং (ফিতা পচান) বা বিকল্প পদ্ধতিতে পাট পচানোর বিষয়েও অধিকাংশ কৃষকের প্রযুক্তিগত অভিজ্ঞতা না থাকায় বিপত্তি আরও বেড়েছে।

পাট খাতকে পুনরুজ্জীবিত করতে কৃষকদের এই দ্বিমুখী সংকট সমাধান করা জরুরি বলে মনে করছেন কৃষি সংশ্লিষ্টরা। পর্যাপ্ত সেচ ও পচনের জন্য বিকল্প পানির বন্দোবস্ত নিশ্চিত করা এবং বাজারে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে সরাসরি চাষীদের কাছ থেকে সরকারি উদ্যোগে যৌক্তিক দামে পাট কেনার সুনির্দিষ্ট পদক্ষেপ না নিলে, আগামীতে এই অঞ্চলের কৃষকরা ঐতিহ্যবাহী সোনালী আঁশের চাষ থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর