খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৯ই জুন ২০২৬, ২:৪৫ এএম

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার থেকে প্রকাশিত দৈনিক সত্যখবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া) এবং মাদক বিরোধী আন্দোলনের পথিকৃৎ হাসিবুর রহমান রিজুর ওপর সন্ত্রাসী হামলার দুই বছর পূর্ণ হয়েছে আজ। আলোচিত এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। সেই সাথে সাংবাদিক হাসিবুর রহমান রিজু ও তার পরিবারের সদস্যদেরও নিরাপত্তা চেয়েছেন। ২০২৪ সালের ১৯ জুন বিকালে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর বাজার এলাকায় হামলার শিকার হন সাংবাদিক হাসিবুর রহমান রিজু।
হাটশ হরিপুর বাজারের দিকে যাওয়ার পথে একদল সন্ত্রাসী দেশীয় ধারালো অস্ত্র ও কাঠের টুকরো নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা রিজুকে এলোপাতাড়ি মারধর করে। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করা হয় এবং ছুরিকাঘাত করা হয়। হামলায় তার দুই হাত-পা ভেঙ্গে দেওয়াসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঘটনার পর কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক সমাজের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিভিন্ন সাংবাদিক সংগঠন হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি তোলে। হামলার দুই বছর পেরিয়ে গেলেও পরিবার বলছে, ঘটনার সুষ্ঠু বিচার এখনও সম্পন্ন হয়নি।
এতে তারা হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছেন। পরিবারের সদস্যরা বলেন, একজন পেশাদার সাংবাদিকের ওপর প্রকাশ্যে এমন নৃশংস হামলা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার ওপরও আঘাত। তারা দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করে হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। এ ঘটনায় দায়ের করা মামলাটি বর্তমানে কুষ্টিয়ার আদালতে বিচারাধীন রয়েছে। পরিবারের প্রত্যাশা, মামলার দ্রুত নিষ্পত্তির মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। সাংবাদিক হাসিবুর রহমান রিজুর ওপর হামলার ঘটনাটি এখনও কুষ্টিয়ার সাংবাদিক সমাজে আলোচিত একটি ঘটনা। দুই বছর পরও ন্যায়বিচারের প্রত্যাশায় দিন গুনছেন তার পরিবার ও সহকর্মীরা।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য