মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলার মিরপুর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার (এসপি) মোঃ আমিনুল ইসলাম। গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মিরপুর সার্কেল অফিস পরিদর্শন করেন। পরিদর্শনের শুরুতে পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামকে শুভেচ্ছা জানান মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার এবং মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম।
পরে পুলিশ সুপার সার্কেল অফিসে কর্মরত কর্মকর্তা ও ফোর্সদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক ব্রিফিং দেন। এ সময় তিনি পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রদত্ত করণীয় ও বর্জনীয় বিষয়গুলো সম্পর্কে উপস্থিত কর্মকর্তা ও সদস্যদের অবহিত করেন। ব্রিফিংয়ে পুলিশ সুপার পেশাদারিত্ব, নৈতিকতা ও মূল্যবোধ সমুন্নত রেখে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য কর্মকর্তা ও ফোর্সদের প্রতি আহ্বান জানান। পরিদর্শনকালে পুলিশ সুপার মিরপুর সার্কেল অফিসের গুরুত্বপূর্ণ রেজিস্টার ও নথিপত্র পর্যালোচনা করেন।
পাশাপাশি কর্মকর্তা ও ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। সরকারি সম্পদের যথাযথ ব্যবহার ও সংরক্ষণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্যও সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। এরপর পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম মিরপুর থানা পরিদর্শন করেন। সেখানে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দায়িত্ব পালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সবশেষে তিনি মিরপুর থানা এলাকায় চলমান চেকপোস্ট ডিউটি পরিদর্শন ও তদারকি করেন। চেকপোস্টে দায়িত্ব পালনরত কর্মকর্তা ও ফোর্সদের ডিউটি কার্যক্রম পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় মিরপুর সার্কেল অফিস ও মিরপুর থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।









