মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় যুব সমাজের উদ্যোগে দিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২২ আগস্ট) সকালে বর্ণাঢ্য এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার ও ছাতিয়ানের কৃতি সন্তান মোঃ শাহিবুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ছাতিয়ান আব্দুর রাফেত বিশ্বাস কলেজের অধ্যক্ষ আব্দুল মজিদ, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, সাবেক সভাপতি আসাদুর রহমান বাবু, ছাতিয়ান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়ার আলী, ছাতিয়ান ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ উজ্জ্বল হোসেন, সাংবাদিক সাইদুর রহমান, আব্দুল আওয়াল, নাইম খন্দকার সহ অনুষ্ঠানের আয়োজক কমিটির সদস্যবৃন্দ।
দিনব্যাপী এ আয়োজনে গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী পিঠার নানা আয়োজনের পাশাপাশি বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়। উৎসবকে ঘিরে স্থানীয় শিশু-কিশোর, তরুণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। গ্রামীণ ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধন অটুট থাকুক-এই প্রত্যাশায় ছিল ছাতিয়ানে এমন ব্যতিক্রমী আয়োজন।









