মাদকবিরোধী বার্তা নিয়ে কুমারখালীতে ফুটবল ম্যাচ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মাদকবিরোধী বার্তা নিয়ে কুমারখালীতে ফুটবল ম্যাচ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ১১, ২০২৬

কুমারখালী প্রতিনিধি ॥ যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১০ জুন) বিকেলে কুমারখালী উপজেলার স্থানীয় বাঁধবাজার ফুটবল মাঠে এ খেলার আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুষ্টিয়া। মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে আয়োজিত এ প্রীতি ম্যাচে অংশ নেয় বাঁধবাজার যুব স্পোর্টিং ক্লাব ও কুষ্টিয়া ফ্রেন্ডস ক্লাব। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় দুই দলই নিজেদের সেরা নৈপুণ্য প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করে।

ম্যাচে বাঁধবাজার যুব স্পোর্টিং ক্লাব ৩ গোল করলেও ৫-৩ গোলের ব্যবধানে জয় তুলে নেয় কুষ্টিয়া ফ্রেন্ডস ক্লাব। খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী দর্শক এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুষ্টিয়ার উপপরিচালক মো. আসলাম হোসেন। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এ সময় সমাপনী বক্তব্যে উপপরিচালক মো. আসলাম হোসেন মাদকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সুস্থ বিনোদন ও খেলাধুলা যুব সমাজকে বিপথগামিতা থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্থানীয়দের মতে, এমন আয়োজন যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে এবং ক্রীড়াচর্চায় নতুন আগ্রহ সৃষ্টি করবে।