বিশেষ প্রতিনিধি ॥ মসজিদে বিয়ে করলেন গায়ক-গায়িকা দম্পতি। নতুন জীবনে পা রাখলেন কণ্ঠশিল্পী শারমিন আক্তার। সংগীতবিষয়ক প্রতিযোগিতা ‘চ্যানেল আই বাংলার গান ২০১৬’-এর চ্যাম্পিয়ন এই শিল্পী সোমবার (১৭ আগস্ট) রাজধানীর গাউসুল আজম মসজিদে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। শারমিন আক্তারের স্বামী কুষ্টিয়ার ছেলে সাব্বির কোরাইশীও সংগীতের সঙ্গে যুক্ত। নিজের বিয়ের খবর নিশ্চিত করে শারমিন আক্তার বলেন, ‘আলহামদুলিল্লাহ, জীবনের নতুন একটি অধ্যায় শুরু করেছি।
দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।’ নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। শারমিন বলেন, বিয়ে জীবনের গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। নতুন সম্পর্ক ও দায়িত্ব সব মিলিয়ে অনুভূতিটা তাঁর কাছে একেবারেই ভিন্ন। পরিবার ও কাছের মানুষদের ভালোবাসা ও দোয়া নিয়ে নতুন পথচলা শুরু করেছেন তাঁরা। জানা গেছে, শারমিন ও সাব্বির দুজনই সংগীতাঙ্গনের সঙ্গে যুক্ত। সংগীতের প্রতি ভালোবাসাই তাঁদের সম্পর্কের অন্যতম যোগসূত্র হয়ে উঠেছে। নিজেদের সংগীতজীবনেও নিয়মিত কাজ করে যাচ্ছেন এই দুই শিল্পী।









