খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৫ই জুলাই ২০২৬, ২:৫৫ এএম

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়ার “খ” সার্কেলের সদস্যরা ভেড়ামারা থানার মসলেমপুর ও সাতবাড়িয়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানে আসামিদের নিজ নিজ বসতবাড়ি থেকে ১০০ গ্রাম গাঁজা ও ৬০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, জহুরুল (৬০), আবু তাহের (৩৩), রনি (৪৮), রাসেল (২৭) ও জনি (২৭)। পরে পরিদর্শক খবির আহমেদ ও উপপরিদর্শক মো. আসিফুজ্জামানের প্রসিকিউশনে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. জাকিউল আলম এবং আলাউদ্দিন আকন্দ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামিদের অপরাধের ধরন অনুযায়ী ২, ৩ ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার, ৩ হাজার ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। সাজা কার্যকরের জন্য তাদের কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য