ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে নারীসহ ৪ জন আটক - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে নারীসহ ৪ জন আটক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ৯, ২০২৬

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক দুই অভিযানে নারীসহ মোট চারজনকে আটক করা হয়েছে। অভিযানে প্রায় ৩ কেজির বেশি গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং অপর তিনজনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল সোমবার (৮ জুন) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, “খ” সার্কেল কুষ্টিয়ার পৃথক অভিযানে এসব পদক্ষেপ নেওয়া হয়। প্রথম অভিযানে ভেড়ামারা থানাধীন ফায়ার সার্ভিস মোড় এলাকার মা ট্রেডার্সের সামনে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ মোছা. শ্যামলী খাতুন (৪৬) নামে এক নারীকে গ্রেফতার করা হয়।

তিনি ভেড়ামারা উপজেলার নওদাপাড়া এলাকার বাসিন্দা। সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত পরিচালিত অভিযানে তার কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় পরিদর্শক খবির আহমেদ বাদী হয়ে ভেড়ামারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়। অপরদিকে একইদিন সকালে ভেড়ামারা উপজেলার ফারাকপুর ও ক্ষেমিদিয়াড় এলাকায় পৃথকভাবে নিজ নিজ বসতবাড়িতে অভিযান পরিচালনা করে আরও তিনজনকে আটক করা হয়।

সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে উদ্ধার করা হয় ২০০ গ্রাম গাঁজা ও ৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেট। আটককৃতরা হলেন, মো. জাহিদুল ইসলাম দোলন (২৮), মো. মাহবুল শেখ (৫০) ও মো. হাবিবুর রহমান (৩০)। তাদের বিরুদ্ধে মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খবির আহমেদ, উপপরিদর্শক মো. ইকবাল হোসেন ও মো. আসিফুজ্জামানের প্রসিকিউশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়া) মো. জিলকদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন আসামিকে ১৫ দিন থেকে ৩ মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার, ৩ হাজার ও ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূল ও সরবরাহ চক্র ভাঙতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।