ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ২ সেপ্টেম্বর রাত পৌনে ১১ টার দিকে ভেড়ামারা থানাধীন মঠপাড়া এলাকার একটি পাকা রাস্তার ওপর থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ মনোয়ার হোসেন ও তাঁর সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মঠপাড়া এলাকার জনৈক মোঃ মনিরুজ্জামানের বাড়ির সামনে অবস্থান নেন। পরে সেখান থেকে ৫০ পিস ইয়াবাসহ ওই তিনজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন—ভেড়ামারা থানার মঠপাড়া এলাকার মৃত অবনি কুমার বিশ্বাসের ছেলে শিবু কুমার বিশ্বাস (৩০), বৃত্তিপাড়া এলাকার মোঃ দেলোয়ার হোসেনের ছেলে মোঃ কাউছার আহমেদ (২১) এবং হিড়িমদিয়া এলাকার মোঃ জিয়ারুল রহমানের ছেলে মোঃ জিহাদ আলী (১৯)। ভেড়ামারা থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।









