কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার দশমাইল এলাকায় অবৈধভাবে স্থাপিত আর এন বি ব্রিকস নামের একটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে ইটভাটাটির কিলন (ভাটা) স্কেভেটর দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। একই সঙ্গে ইটভাটার উদ্যোক্তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার (১৭ আগস্ট) পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, পরিবেশগত ছাড়পত্রসহ প্রয়োজনীয় আইনগত অনুমোদন ছাড়া দশমাইল এলাকায় আর এন বি ব্রিকস স্থাপন করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। বিষয়টি নজরে আসার পর পরিবেশ অধিদপ্তর সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানের সময় স্কেভেটর দিয়ে ইটভাটাটির কিলন ভেঙে দেওয়া হয়। এ সময় অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে ২,০০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

পাশাপাশি আগামী এক সপ্তাহের মধ্যে উদ্যোক্তাকে নিজ উদ্যোগে ইটভাটার চিমনি ভেঙে ফেলার শর্তে মুচলেকা নেওয়া হয়েছে। মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদ মোস্তফা হাসান। অভিযানে প্রধান প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপপরিচালক মো. এমদাদুল হক। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র কেমিস্ট মো. হাবিবুল বাসার।

এ সময় পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও অভিযানে অংশ নেন। অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুষ্টিয়া পুলিশ বিভাগ এবং জেলা আনসার ব্যাটালিয়নের দক্ষ ও চৌকস সদস্যরা দায়িত্ব পালন করেন। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশের ক্ষতি করে এবং প্রয়োজনীয় অনুমোদন ছাড়া পরিচালিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর