আজাদ সানি ॥ কুষ্টিয়া সদর উপজেলার মনোহরদিয়া ইউনিয়নের কন্দর্পদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বাংলা নববর্ষ পহেলা বৈশাখে বর্ণিল আয়োজনে বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়েছে। মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন ভিশন কুষ্টিয়া”-এর উদ্যোগে আয়োজিত এই উৎসবে, গ্রামীণ সংস্কৃতি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও আনন্দের মধ্যে দিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানানোর এক দৃষ্টিনন্দন আয়োজন ছিল। এই উৎসবটি এলাকার পিছিয়ে পড়া জনগণের মধ্যে বিশেষভাবে আনন্দ ও উৎসাহ তৈরি করেছে।
দিনব্যাপী এই অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় নানা ধরনের বাঙালির ঐতিহ্যবাহী খেলা, যেমন লাঠিখেলা, হাড়ি ভাঙা খেলা, তৈলাক্ত কলাগাছ বেঁয়ে উঠা, রশিটানা, মোরগ লড়াই, এবং যেমন খুশি, তেমন সাজো প্রতিযোগিতা। এছাড়া, পুরস্কার বিতরণী ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও ছিল, যা দিনটিকে স্মরণীয় করে তোলে। বৈশাখী উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব, বিশিষ্ট সমাজসেবক প্রকৌশলী জাকির হোসেন সরকার।
তিনি তার বক্তব্যে বলেন, ‘‘পহেলা বৈশাখ বাঙালি জাতির কাছে শুধুমাত্র একটি নতুন বছরের শুরু নয়, এটি অতীতের সব দুঃখ-কষ্ট ও হতাশাকে পেছনে ফেলে নতুনভাবে জীবন শুরু করার এক প্রতীক। আজকের দিনটি আমাদের জন্য প্রেরণার।’’ তিনি আরও বলেন, ‘‘প্রযুক্তির যুগে অনেক ঐতিহ্যবাহী খেলা বিলুপ্তির পথে, তবে ঐতিহ্যবাহী এই খেলাগুলো এবং গ্রামীণ মেলার মতো আয়োজনের মাধ্যমে আমরা এখনও আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে পারছি।’’ প্রকৌশলী জাকির হোসেন সরকার আরও উল্লেখ করেন, ‘‘ভিশন কুষ্টিয়া সংগঠনটি সমাজের পিছিয়ে পড়া জনগণের জন্য নানা উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে।
সংগঠনটি মেধাবী দরিদ্র ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান, অটিজম প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবা, এতিম ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের উন্নয়নে কাজ করছে।’’ তিনি বলেন, ‘‘এই ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে সাহায্য করে, এবং ধর্ম, বর্ণ বা গোত্রের কোনো বিভেদ ছাড়াই সমাজের সকল শ্রেণির মানুষকে একত্রিত করে।’’ বৈশাখী উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিশন কুষ্টিয়া’র সভাপতি খন্দকার আব্দুল মজিদ।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনটির প্রধান উপদেষ্টা জনাবা লিনা জাকির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ভিশন কুষ্টিয়া’র সহ-সভাপতি গুলশান আরা. আনিসুজ্জানা টিটু, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফিন ফয়সাল, মনোহরদিয়া ইউনিয়ন যুবদল’এর সভাপতি কামরুজ্জামান, এবং স্থানীয় নানা গন্যমান্য ব্যক্তিবর্গ। দিবসটির সমাপ্তি ঘটে পুরস্কার বিতরণী অনুষ্ঠান দিয়ে, যেখানে খেলাধুলা ও অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।
প্রতিযোগিতাগুলোর মাধ্যমে অংশগ্রহণকারীরা ক্রীড়ার মাধ্যমে আনন্দ উপভোগ করার পাশাপাশি ঐতিহ্যবাহী সংস্কৃতির প্রতি তাদের ভালোবাসা এবং শ্রদ্ধা জানায়। এই উৎসবটি কুষ্টিয়ার জনগণের জন্য এক নতুন সূচনা, যেখানে ঐতিহ্য, আনন্দ এবং মানবিকতা একত্রিত হয়ে নতুন বছরের প্রথম দিনে সবার মনে সৃষ্টির এক প্রেরণা জাগিয়ে তুলেছে বলে মনে করেন স্থানীয় সচেতনমহল।
