কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভক্ত-দর্শনার্থীদের ভোগান্তি এড়াতে বিশেষ নজর রাখতে হবে: ডিসি তৌহিদ বিন-হাসান

রঞ্জুউর রহমান ॥ বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় আয়োজিত অনুষ্ঠানকে ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দেশ-বিদেশ থেকে আগত ভক্ত, সাধক ও দর্শনার্থীদের ভোগান্তি এড়াতে খাবারের মান ও মূল্য নিয়ন্ত্রণ, যানজট নিরসন, নিরাপত্তা এবং সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ নজরদারির আহ্বান জানিয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন-হাসান। গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন-হাসান। সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম, স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, বিক্রয় ও বিতরণ বিভাগ-২, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী অনুপম চক্রবর্তী, প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার আল মামুন সাগর এবং প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন। এছাড়াও সভায় লালন গবেষক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন-হাসান বলেন, লালন শাহের তিরোধান দিবস উপলক্ষে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য ভক্ত, সাধক ও দর্শনার্থী ছেঁউড়িয়ায় আসবেন। তাদের যেন খাবারের মূল্য ও মান নিয়ে কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের বিশেষ নজরদারি রাখতে হবে। তিনি আরও বলেন, আগত দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে যানজট নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি অনুষ্ঠানস্থলে শৃঙ্খলা বজায় রাখা এবং সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে।

সভায় কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, লালন শাহের দর্শন দেশ-বিদেশের মানুষের মধ্যে মানবতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়েছে। লালনের স্মৃতিবিজড়িত ছেঁউড়িয়ার এ আয়োজন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।

কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, লালন শাহের দর্শন ও সংগীত বাঙালির অসাম্প্রদায়িক ও মানবিক চেতনার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তিরোধান দিবসের অনুষ্ঠান শান্তিপূর্ণ পরিবেশে ও যথাযথ মর্যাদায় সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

সভায় উপস্থিত বক্তারা বলেন, লালন তিরোধান দিবস কুষ্টিয়ার অন্যতম বৃহৎ সাংস্কৃতিক আয়োজন। প্রতিবছর দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক ভক্ত ও দর্শনার্থী এ আয়োজনে অংশ নেন। তাই দর্শনার্থীদের সুবিধার কথা বিবেচনায় রেখে অনুষ্ঠানস্থলে নিরাপত্তা, তথ্যসেবা, যানজট নিয়ন্ত্রণ এবং সাংবাদিকদের নির্বিঘ্নে সংবাদ সংগ্রহের পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। সভায় লালন তিরোধান দিবসের অনুষ্ঠান সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, সাংস্কৃতিক সংগঠন এবং অন্যান্য অংশীজনের সমন্বিত প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করা হয়।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর