বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জজ কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট শামিম উল হাসান অপু বলেছেন, “বাংলাদেশ ক্রিকেট দলের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঠিক পরিকল্পনা ও খেলোয়াড়দের ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে আগামী দিনে দল আরও ভালো ফলাফল অর্জন করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই।” শুক্রবার বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের বালুরচর মাঠে ব্রিকস ফিল্ড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফাইনাল খেলায় কুমারখালী একাদশ ও হালশা একাদশ মুখোমুখি হয়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে অ্যাডভোকেট অপু বলেন, গ্রামবাংলার এমন ক্রীড়া আয়োজন তরুণদের মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলার মাধ্যমে সুস্থ সমাজ গঠন সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুর্শা ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন আলী, সাধারণ সম্পাদক আবুল হাশেম, যুবদল নেতা লিটন মেম্বার, রাকিবুল হাসান রিঙ্কুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এদিকে একই দিন বাদ জোহর অ্যাডভোকেট শামিম উল হাসান অপু আমবাড়িয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক শাহিনের পিতা ও বিএনপি নেতা মরহুম নায়েব মণ্ডলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।









