ফিলিপনগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ফিলিপনগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ  

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ২২, ২০২৬

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে যুবদল নেতা মোঃ সুজন ইসলাম (৩২) গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২১ মে) রাত আনুমানিক ১০টার দিকে বাহিরমাদী চৌরাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফিলিপনগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ৩ নম্বর ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ একরামুল হকের সমর্থক এবং ফিলিপনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নয়ন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গতকাল বৃহস্পতিবার রাতে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। অভিযোগ রয়েছে, সংঘর্ষ চলাকালে নয়ন গ্রুপের লোকজন সুজন ইসলামের মাথা ও দুই পায়ের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

পরে একরামুল গ্রুপের লোকজন পাল্টা ধাওয়া দিলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত সুজন ইসলামকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল এ রেফার করেন।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান জানান, ঘটনাটি নিয়ে পুলিশ কাজ করছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। গোয়েন্দা নজরদারিও অব্যাহত আছে।