প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: ডিসি তৌহিদ বিন-হাসান - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: ডিসি তৌহিদ বিন-হাসান

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১৮, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ জনবান্ধব ও আধুনিক ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কুষ্টিয়ায় আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’। জেলা প্রশাসনের উদ্যোগে ১৯ থেকে ২১ মে পর্যন্ত কুষ্টিয়া সদর উপজেলা ভূমি অফিসে এ মেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল রোববার (১৭ মে) দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত কর্মপরিকল্পনা তুলে ধরেন কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদ বিন-হাসান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবদুল ওয়াদুদ। সংবাদ সম্মেলনে জানানো হয়, ভূমি সংক্রান্ত সেবা সহজ ও হয়রানিমুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম ইতোমধ্যে ডিজিটালাইজেশনের আওতায় আনা হয়েছে। এই সেবাগুলো সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশব্যাপী ভূমিসেবা মেলার আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসক জানান, এবারের মেলায় কোনো ধরনের দালাল বা মধ্যস্বত্বভোগী ছাড়াই নাগরিকরা সরাসরি ১৪ ধরনের বিশেষ ডিজিটাল ও তাৎক্ষণিক সেবা গ্রহণ করতে পারবেন।

এর মধ্যে রয়েছে, অনলাইনে ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ ও স্পট রেজিস্ট্রেশন, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন, ই-নামজারি (মিউটেশন) আবেদন, খতিয়ানের সার্টিফায়েড কপি সংগ্রহ, মৌজা ম্যাপের অনলাইন আবেদন, খাস জমি বন্দোবস্ত, অর্পিত সম্পত্তি ও চান্দিনা ভিটির লিজ নবায়নসহ বিভিন্ন সেবা। এছাড়া ভূমি অধিগ্রহণ (এলএ কেস) সংক্রান্ত ক্ষতিপূরণের চেক সরাসরি উপকারভোগীদের হাতে হস্তান্তর করা হবে। মেলায় আগত সেবাগ্রহীতাদের ভূমি সংক্রান্ত জটিল প্রশ্নের তাৎক্ষণিক সমাধানে প্রতিটি বুথে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থাকবেন। পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের তথ্যচিত্রও প্রদর্শন করা হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ভূমি নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে স্বচ্ছ, সহজ ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। তিনি কুষ্টিয়াবাসীকে দালালচক্র এড়িয়ে সরাসরি মেলায় এসে প্রয়োজনীয় ভূমিসেবা গ্রহণের আহ্বান জানান। প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজস্ব শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন জানিয়েছে, মেলা সফল করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।