আজাদ সানি ॥ ‘মানুষের পাশে, মানবতার পথে’ এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের মাজিলা গ্রামে বর্ণাঢ্য আয়োজনে ‘ঐক্যের বন্ধন মানবসেবা ক্লাব’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৭ আগস্ট) বিকেলে মাজিলা বাজার মাদরাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ডেনমার্ক থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাগত বক্তব্য দেন মাজিলা গ্রামের কৃতি সন্তান ও বিশিষ্ট সমাজসেবক গাজী আব্দুল্লাহ আল মামুন।
মাজিলার কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গাজী মাজহারুল ইসলাম রনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রখ্যাত আলেম ও আলোচিত ইসলামী বক্তা হযরত মাওলানা ইব্রাহীম খলিল মুজাহিদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মানবসেবাই সর্বোত্তম ইবাদত। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে তরুণদের এগিয়ে আসতে হবে। একটি সেবামূলক সংগঠন যদি সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধ নিয়ে কাজ করে, তবে তা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাটিকাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রেজভিউজ্জামান কানু, পাটিকাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, বিএনপির নেতা আবু দাউদ মণ্ডল, সমাজসেবক গাজী সিরাজুল ইসলাম, মাজিলা পশ্চিমপাড়া মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ক্বারী মশিউর রহমান এবং মাজিলা বাজার মাদরাসার মুহতামিম মুফতি আলমগীর হোসাইন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা মানবিক, সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজকল্যাণে সংগঠনটির কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইবি থানা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ইব্রাহিম খলিল, সমাজসেবক আতিয়ার মণ্ডল, ইকরামুল ইসলাম মণ্ডল, আজিবার রহমান গাজী, লুৎফর রহমান গাজী, দুলাল মণ্ডল, দেলোয়ার হোসেন, পলান মালিথা, রাহাত আলী, গাজী নজরুল ইসলাম, প্রধান শিক্ষক মো. সালেহীন, জয়নাল মাস্টার, আবু সুফিয়ান শাওন, রাকিবুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফেজ সাব্বির রহমান।









