বিশেষ প্রতিনিধি ॥ নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের অভিযোগে কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র আনোয়ার আলীর বাসভবনে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী চলা এ অভিযানে বাড়িটি ঘিরে রেখে ব্যাপক তল্লাশি চালানো হলেও কাউকে আটক করা হয়নি। গতকাল শুক্রবার (১৯ জুন) রাত আনুমানিক ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকায় অবস্থিত সাবেক মেয়র আনোয়ার আলীর বাড়িতে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনীর সদস্যরা।
অভিযানে কুষ্টিয়া মডেল থানা পুলিশ, র্যাব ও ডিবি পুলিশের সদস্যরা অংশ নেন। অতিরিক্ত পুলিশ সুপার হাসান ইমামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বাড়ির ভেতর ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। পুলিশ সূত্রে জানা যায়, সাবেক মেয়র আনোয়ার আলীর ছেলে পারভেজ আনোয়ার তনুর বাসভবনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান করছেন-এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। তবে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়েও সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি। ফলে কাউকে আটক ছাড়াই অভিযান সমাপ্ত করে যৌথ বাহিনীর সদস্যরা স্থান ত্যাগ করেন।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির সম্ভাব্য কর্মসূচিকে ঘিরে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক জরুরি বার্তায় প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল ও শোডাউনের চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে এসব কর্মসূচিকে কেন্দ্র করে অন্যান্য রাজনৈতিক সংগঠন, বিশেষ করে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে।
একাধিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে কুষ্টিয়া-ঢাকা মহাসড়কে জেলা যুবলীগের সভাপতি মীর সাইফুল ইসলামের নেতৃত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেল হোসেনের অংশগ্রহণে মোটরসাইকেল বহর নিয়ে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগের বর্তমান কমিটি সাবেক মেয়র আনোয়ার আলীর ছেলে পারভেজ আনোয়ার তনুর অনুসারী হিসেবে পরিচিত বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে সম্ভাব্য তৎপরতা, ওই মোটরসাইকেল মিছিল এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের অবস্থান সংক্রান্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই সাবেক মেয়র আনোয়ার আলীর বাসভবনে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়ে থাকতে পারে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।
অভিযানের সময় এলাকায় বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা জড়ো হন। তারা সাবেক মেয়র আনোয়ার আলী ও তার পরিবারের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং অভিযানের প্রতিবাদ জানান। স্থানীয়দের দাবি, আনোয়ার আলী বর্তমানে অসুস্থ এবং তিনি এলাকার একজন জনপ্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তি। তারা অভিযোগ করেন, পারভেজ আনোয়ার তনু অতীতে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে হয়রানির শিকার হয়েছেন এবং বর্তমান অভিযানও হয়রানিমূলক। স্থানীয়রা বলেন, “আমাদের মহল্লা শান্তিপূর্ণ। আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা চাই না। হয়রানিমূলক অভিযান বন্ধ করতে হবে এবং এলাকাবাসীকে শান্তিতে বসবাস করতে দিতে হবে।”
ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন মাতুব্বার বলেন. নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সদস্যরা এখানে অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে আমরা তল্লাশি অভিযান পরিচালনা করেছি। তবে কাউকে পাওয়া যায়নি। এজন্য কাউকে আটক করা হয়নি। অভিযানকে কেন্দ্র করে রাতভর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে ঘটনাটি নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।









