ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়-এর নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর (উপাচার্য) প্রফেসর ড. একেএম মতিনুর রহমানকে তাঁর নিজ বিভাগ লোক প্রশাসন বিভাগের পক্ষ থেকে আন্তরিক ও ঘরোয়া সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল রবিবার (১৭ মে) বিভাগের শিক্ষকদের অংশগ্রহণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং কলা অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মো. এমতাজ হোসেন উপস্থিত ছিলেন।
এ সময় বিভাগের শিক্ষকরা নবনিযুক্ত উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন। বক্তারা বলেন, প্রফেসর ড. একেএম মতিনুর রহমান দীর্ঘদিন ধরে শিক্ষকতা, গবেষণা ও প্রশাসনিক দক্ষতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, গবেষণা ও সুশাসনের পরিবেশ আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানে লোক প্রশাসন বিভাগের শিক্ষকরা বলেন, নিজ বিভাগের একজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক পদে অধিষ্ঠিত হওয়া বিভাগের জন্য গৌরবের এবং শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার বিষয়।
এটি বিভাগটির মর্যাদা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলেও তারা মন্তব্য করেন। সংবর্ধনার জবাবে আবেগঘন বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. একেএম মতিনুর রহমান বলেন, “লোক প্রশাসন বিভাগ আমার শিকড়ের মতো। এই বিভাগের সহকর্মীদের ভালোবাসা ও আন্তরিকতা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। আজকের এই সংবর্ধনা আমার জন্য অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে।” তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করে বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়া সম্ভব। অনুষ্ঠানটি নবনিযুক্ত উপাচার্যের প্রতি বিভাগের শিক্ষক-কর্মকর্তাদের আস্থা, ভালোবাসা ও প্রত্যাশার বহিঃপ্রকাশ হিসেবে বিবেচিত হয়েছে।
