দৌলতপুরে জ্বালানি তেল বিতরণে বিশৃঙ্খলা এড়াতে প্রশাসন ও পাম্প মালিকদের জরুরি বৈঠক - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে জ্বালানি তেল বিতরণে বিশৃঙ্খলা এড়াতে প্রশাসন ও পাম্প মালিকদের জরুরি বৈঠক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ৫, ২০২৬

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় চলমান জ্বালানি তেল সংকট এবং ফিলিং স্টেশনগুলোতে সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে উপজেলা প্রশাসন ও ফিলিং স্টেশন মালিকদের মধ্যে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তেল সরবরাহ স্বাভাবিক রাখা এবং জনভোগান্তি কমানোর লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দৌলতপুর উপজেলার তিনটি ফিলিং স্টেশন, তারাগুনিয়ায় অবস্থিত সাগর ফিলিং স্টেশন, আল্লাদর্গায় রফিক ফিলিং স্টেশন এবং খলিশাকুণ্ডীতে হাবিব ফিলিং স্টেশন এবং পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলার দফাদার ফিলিং স্টেশনে একই সময়ে প্রশাসনের তত্ত্বাবধানে তেল বিক্রি করা হবে। এ সময় প্রতি গাড়িতে সর্বোচ্চ ৫০০ টাকার তেল প্রদান করা হবে।

এছাড়াও জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান, যেমন পুলিশ প্রশাসন, স্বাস্থ্যসেবা এবং সাংবাদিকদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। সাগর ফিলিং স্টেশনের মালিক শাওন বিশ্বাস জানান, জনস্বার্থে প্রশাসনের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি সবাইকে নিয়ম মেনে এবং শৃঙ্খলা বজায় রেখে তেল নেওয়ার আহ্বান জানান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কুমার দাস বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলা এবং স্থানীয়ভাবে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।  তিনি জানান, সোমবার নির্ধারিত সময়ে প্রশাসনের তত্ত্বাবধানে তেল সরবরাহ করা হবে। জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্টরা প্রশাসনের কাছ থেকে টোকেন সংগ্রহ করে তেল নিতে পারবেন। সাংবাদিকরা প্রেস আইডি কার্ড প্রদর্শন করে তেল সংগ্রহ করতে পারবেন। স্থানীয় প্রশাসন আশা করছে, এ সিদ্ধান্তের ফলে দৌলতপুরে জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা ফিরবে এবং জনদুর্ভোগ অনেকটাই কমবে।