দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান গতকাল বৃহস্পতিবার (২১ মে) দৌলতপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। দুপুর ১২টার দিকে শুরু হওয়া এ পরিদর্শনে তিনি উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, জনসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের খোঁজখবর নেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত “ভূমি মেলা-২০২৬” ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ৭ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করেন তিনি।
এর আগে জেলা প্রশাসক দৌলতপুর থানা পরিদর্শন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান। পরে তিনি তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন খেলাধুলার সামগ্রী বিতরণ করেন। একই সঙ্গে ছাত্রীদের জন্য স্বাস্থ্যসেবা সামগ্রীও প্রদান করা হয়। দুপুর পর জেলা প্রশাসক উপজেলার প্রাগপুর ইউনিয়ন পরিষদ ও প্রাগপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।
সেখানে তিনি সেবার মান, নাগরিক সুবিধা এবং চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস জানান, জেলা প্রশাসক দৌলতপুর সফরে এসে থানা, উপজেলা পরিষদ, ভূমি মেলা, সমাজসেবা কার্যক্রম, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তর পরিদর্শন করেছেন। এ সময় তিনি মাঠপর্যায়ের সেবার মান উন্নয়ন ও জনসেবাকে আরও কার্যকর করার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান।
