কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা: বৈধ কাগজপত্র ছাড়াই চলছিল এসবি সুপার ডিলাক্স

ঢাকা অফিস ॥ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের ফেরির র‌্যাম ভেঙে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি। প্রতিবেদনের বাসডুবির ঘটনার কারণ উদঘাটন, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ সুনির্দিষ্টভাবে তুলে ধরা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে।

রাজবাড়ী বিআরটিএ কার্যালয় সূত্রে জানা গেছে, এসবি সুপার ডিলাক্সের ব্যানারে পরিচালিত ঢাকা মেট্রো-ব-১৫-৫৬৪৯ নং বাসটি গত ৫ জুন তারিখে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৭নং ফেরিঘাটে সকাল ৯টা ২৫ মিনিটের দিকে ফেরিঘাটের পন্টুন থেকে ফেরিতে ওঠার সময় ফেরি কবরীর ওপর দিয়ে র‌্যাম ভেঙে নদীতে পড়ে যায়। এ দুর্ঘটনায় বাসচালক আহত হন। পরবর্তীতে রাজবাড়ী সার্কেলের মোটরযান পরিদর্শক লিটন কুমার দত্ত ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন।

বিআরটিএ আইএস থেকে প্রদত্ত তথ্যমতে বাসটির ট্যাক্সটোকেন, ফিটনেস সনদ, রুট পারমিট সনদ মেয়াদোত্তীর্ণ ছিল। তাই সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ১২ এবং ২৪ ও সড়ক পরিবহন বিধিমালা ২০২২-এর ১৯ এবং ৪৬ বিধি অনুযায়ী ঢাকা মেট্রো-ব-১৫-৫৬৪৯নং বাসটির রেজিস্ট্রেশন ও চালকের ড্রাইভিং লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করার সুপারিশ করা হয়েছে। তদন্ত কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী, দুর্ঘটনার পেছনে বাসের যান্ত্রিক ত্রুটি, বাসের ফিটনেস না থাকাসহ বেশ কিছু কারণ ছিল বলে উল্লেখ রয়েছে।

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে বলেন, গত ১১ জুন জেলা প্রশাসক আফরোজা পারভীনের কাছে তদন্ত প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছি। আমরা প্রত্যক্ষদর্শীর স্বাক্ষ্যসহ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছি। তদন্ত সঠিকভাবে করার স্বার্থে আমরা বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গেও কথা বলেছি। তদন্তে বাসের যান্ত্রিক ত্রুটি, বাসের ফিটনেস না থাকাসহ বেশ কয়েকটি বিষয় উঠে এসেছে। এ ছাড়া, ফেরিঘাটের আধুনিকায়ন, অ্যাপ্রোচ সড়কের উন্নয়ন, ঘাট ব্যবস্থাপানার আধুনিকায়ন, এআই প্রযুক্তি নির্ভর ঘাট ব্যবস্থাপনাসহ বেশ কয়েকটি সুপারিশ করা হয়েছে। তিনি আরও বলেন, আমরা দুর্ঘটনার কারণ ও আগামীতে দুর্ঘটনা রোধে বেশ কিছু সুপারিশ করেছি। এর বেশি কিছু বলতে চাননি তদন্ত কমিটির প্রধান।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক মুহাম্মদ অহিদুর রহমান বলেন, দৌলতদিয়ায় ফেরির র‌্যাম ভেঙে পদ্মা নদীতে পড়ে যাওয়া এসবি সুপার ডিলাক্স বাসটির ট্যাক্সটোকেন, ফিটনেস ও রুট পারমিট সনদ ছিল মেয়াদোত্তীর্ণ। তাই বাসের রেজিস্ট্রেশনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বাসের রেজিস্ট্রেশন কর্তৃপক্ষ বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেল ও চালকের ড্রাইভিং লাইসেন্সের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লাইসেন্সিং কর্তৃপক্ষ বিআরটিএ কুষ্টিয়া সার্কেলকে চিঠি দেওয়া হয়েছে। দৌলতদিয়া ৭নং ফেরিঘাট এলাকায় মর্মান্তিক বাস দুর্ঘটনায় পদ্মা নদীতে এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসডুবির দুর্ঘটনার কারণ উদঘাটন, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের লক্ষ্যে জেলা প্রশাসন থেকে সাত সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

এ ছাড়া, নৌপরিবহন মন্ত্রণালয় থেকে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। এ ঘটনায় পরিবহন খাতে নিয়মিত তদারকি ও মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সচেতন মহল। তারা বলছে, সড়ক ও নৌপথে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে ফিটনেসবিহীন ও প্রয়োজনীয় কাগজপত্রবিহীন যানবাহনের চলাচল বন্ধ করা জরুরি। এ বিষয়ে জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, তদন্ত প্রতিবেদনটি হাতে পেয়েছি। তদন্ত কমিটির দল প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরেছেন। প্রতিবেদনটি আমরা নৌপরিবহন মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রেরণ করবো। সেখান থেকে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, গত ৫ জুন রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৭নং ফেরিঘাটে সকাল ৯টা ২৫ মিনিটের দিকে ফেরিঘাটের পন্টুন থেকে ফেরিতে ওঠার সময় ফেরি কবরীর ওপর দিয়ে র‌্যাম ভেঙ্গে এসবি সুপার ডিলাক্সের ব্যানারে পরিচালিত একটি বাস নদীতে পড়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার তদন্ত অনুসন্ধানে ওইদিন জেলা প্রশাসক আফরোজা পারভীন জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারকে সদস্য সচিব করে সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। এ ছাড়া, নৌপরিবহন মন্ত্রণালয় থেকে চার সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়। এর আগে, গত ২৫ মার্চ বিকেলে কুষ্টিয়ার কুমারখালী থেকে যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুন থেকে পদ্মায় ডুবে যায়। এ ঘটনায ২৬ জনের প্রাণহানির ঘটনা ঘটে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর