কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

টিকা হামের-ব্যানার কোভিডের: কুষ্টিয়ায় বিভ্রান্তি

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় হামের টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ঘটেছে অব্যবস্থাপনার ঘটনা। শিশুদের হামের টিকা দেওয়ার আয়োজনের মধ্যেই ভুল করে টাঙানো হয় কোভিড-১৯ সংক্রান্ত পুরনো একটি ব্যানার। যা উপস্থিত অভিভাবক ও স্থানীয়দের মধ্যে তৈরি করে বিভ্রান্তি। সোমবার সকাল ৯টার দিকে এ কর্মসূচির উদ্বোধন হওয়ার কথা ছিল কুষ্টিয়া পৌরসভার ৪ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

কিন্তু উদ্বোধনের আগেই দেখা যায়, টিকাদান কেন্দ্রের দেয়ালে ঝুলছে করোনাকালীন একটি ব্যানার। হামের টিকার পরিবর্তে কোভিড-১৯-এর ব্যানার দেখে হয়ে পড়েন অনেকেই আতঙ্কিত এবং কেউ কেউ ফিরে যান টিকা না নিয়েই। ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক সমালোচনা। স্থানীয়দের প্রশ্ন এমন, স্বাস্থ্য বিভাগের মতো দায়িত্বশীল একটি সংস্থার এমন ভুল কীভাবে ঘটে? একই সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষের তদারকি নিয়েও ওঠে প্রশ্ন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাড়ে ৯টার দিকে তড়িঘড়ি করে ভুল ব্যানারটি সরিয়ে টাঙানো হয় সঠিক ব্যানার। তবে এই স্বল্প সময়ের বিভ্রান্তিতেই ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো আয়োজনের। এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও ভুলের দায় স্বীকার করেছে স্বাস্থ্য বিভাগ। কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. শেখ কামাল হোসেন বলেছেন, তাড়াহুড়োর কারণে একজন স্বাস্থ্যকর্মী ভুলবশত নিয়ে এসেছিলেন পুরনো ব্যানার।

ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে উল্লেখ করেন তিনি। ঘটনার তদন্তে ইতোমধ্যে গঠন করা হয়েছে তিন সদস্যের একটি কমিটি। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটিকে। ভবিষ্যতে এ ধরনের অপেশাদার ভুল এড়াতে সংশ্লিষ্টদের আরও সতর্ক হওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর